বাংলাদেশে এআই এক্সপার্ট ও ডেভলপার তৈরিতে আগ্রহী মাইক্রোসফট

১১ জুন, ২০২৪ ১২:০৪  

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা - বিশেষজ্ঞ ও ডেভলপার তৈরি, স্টার্টআপদের মধ্যে বৈশ্বিক পর্যায়ে ব্যবসায় সক্ষমতা তৈরি এবং সাইবার নিরপত্তা বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা দিতে চায় টেকজায়ান্ট মাইক্রোসফট ইনকরপোরেশন। সৃষ্টিশীল কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ এআইয়ের ব্যাপক বিস্তৃতির কারণে ক্লাউড পরিষেবার চাহিদা বৃদ্ধি এবং এ চাহিদাকে মাথায় রেখে বিশ্বের বিভিন্ন দেশে ডাটা সেন্টারের সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় এশিয়ায় বিকাশমান প্রযুক্তি গন্তব্য দেশ হিসেবে এমন আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বৈঠকে এই পরিকল্পনা ও আগ্রহের কথা তুলে ধরেছেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো: ইউসুপ ফারুক।

বৈঠক সূত্রে প্রকাশ, সাক্ষাতকালে স্টার্ট আপ অন মাক্রোসফট ফাউন্ডার প্রোগ্রাম, সাইবার নিরাপত্তা, পরিপূর্ণ ডাটা ও এআই এর জন্য একক প্লাটফর্ম তৈরিসহ বিভিন্ন বিষয়ে আগ্রহ নিয়ে আলোচনা করেছেন উভয়েই।

বৈঠকে ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পৃথিবী আরেকটি যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পরিবর্তনের এই অভিযাত্রায় রয়েছে অনেক চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলদেশ ভিশন বাস্তবায়নে প্রযুক্তির এ চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের করতেই হবে। দেশের ব্যাংকিং, টেলিকম , আইসিটিসহ সকল খাতে সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং প্রযুক্তির নতুন টুল তৈরিতে মাইক্রোসফট অবদান রাখতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজব্যবস্থা, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকারব্যবস্থা গড়তে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে বাইপাস করে কিছু করা সম্ভব নয়। তাই এখন আমাদের চ্যালেঞ্জ বা আলোচনার বিষয় হচ্ছে আমরা কতটুকু উদ্ভাবনকে উৎসাহিত করবো এবং কতটুকু অপপ্রয়োগকে নিয়ন্ত্রণ করবো।

এদিকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেড ইন বাংলাদেশ পণ্য প্রস্তুতকরণসহ বিভিন্ন বিষয়ে নিজ অফিসে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান এস এম রেজাউল আলমের নেতৃত্বে আরও একটি ব্যবসায় প্রতিনিধি দলেরে সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী।